
(২ ঘন্টা আগে) ৪ মে ২০২৬, সোমবার, ৫:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৩ অপরাহ্ন
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই নারীসহ নিহত-৪ : আহত-২
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় বালু বোঝাই ট্র্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারীসহ নিহত হয়েছে চারজন| এসময় গুরুত্বর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে| নিহতদের মধ্যে ময়মনসিংহ নগরীর জি কে এম সি সাহা রোডের মৃত আব্দুর রশিদের স্ত্রী অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৫৪) ও জামালপুর রুহিলী গ্রামের সৌদি প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলী (৩৮), তাঁর মেয়ে খোশনুর জান্নাত রিন্তি (১১) ও সিএনজি চালকের পরিচয়ে চেষ্টা চলছে এবং আহতদের মধ্যে অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগমের মেয়ে রিয়া (২৩) চিকিৎসাধীন রয়েছে|
আজ (সোমবার) দুপুরে পৌনে ১২ টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার সত্রাশিয়ায় এ দুর্ঘটনা ঘটে|
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান ও স্থানীয়রা জানায়, সত্রাশিয়ায় মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়| এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়| ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার তিন নারী যাত্রী নিহত হয়|
এসময় গুরুত্বর আহত ট্রাকের চালক, হেলপার ও সিএনজি অটোরিক্সা চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়|
কামরুল হাসান আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে| নিহতদের মরদেহ সনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে|