banglahour

সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন-মুন্সিগঞ্জের দুই নারী মমতাজ আলো ও ফাহিমা নাসরিন

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। শ্রীনগর ,মুন্সীগঞ্জ।

(৩ ঘন্টা আগে) ৫ মে ২০২৬, মঙ্গলবার, ৫:০১ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ৫০টি আসনের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সদস্যের গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি থেকে ৩৬ জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন, যাঁদের মধ্যে দু’জনই মুন্সিগঞ্জের কৃতি সন্তান।


আজ বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ থেকে নির্বাচিত এই দুই নারী সংসদ সদস্য হলেন মমতাজ আলো এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি।


**মমতাজ আলো:** তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আ. গনি বেপারীর কন্যা। মমতাজ আলো বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ফ্রান্স মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসে থেকেই তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সাথে কাজ করে আসছেন।


**অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি:** তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার গ্রামের মেয়ে। তাঁর পিতা প্রয়াত হাশেম ঢালি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (WDB) সাবেক চেয়ারম্যান। ফাহিমা নাসরিন মুন্নি আলী আসকার কোরেশীর স্ত্রী। তিনি বর্তমানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সহ-সম্পাদক হিসেবে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন।


মুন্সিগঞ্জের দুই কৃতী নারী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় স্থানীয় বিএনপি এবং তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের আশা, এই দুই নারী সাংসদ দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জোরালো ভূমিকা রাখবেন।


উল্লেখ্য, প্রকাশিত গেজেট অনুযায়ী বিএনপির ৩৬ জন ছাড়াও জামায়াতে ইসলামী ১৩টি এবং অন্য ১টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একটি আসনে পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল