
(৩ ঘন্টা আগে) ৬ মে ২০২৬, বুধবার, ২:৫৮ অপরাহ্ন
প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের জেলা কর্মকর্তা মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়েশা আক্তার (যুগ্মসচিব)
প্রবন্ধে তিনি প্রবীণ জনগোষ্ঠীর ক্রমবর্ধমান সংখ্যা, তাদের সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং রাষ্ট্রীয় সহায়তা ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অনেক প্রবীণ ব্যক্তি পারিবারিক অবহেলা, একাকীত্ব এবং আর্থিক অনিরাপত্তার মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি পর্যাপ্ত ও সহজলভ্য স্বাস্থ্যসেবার অভাবও তাদের জীবনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মিজাবে রহমত। তিনি বলেন, প্রবীণ নাগরিকদের কল্যাণে সরকারের গৃহীত কর্মসূচিগুলো মাঠপর্যায়ে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ জরুরি।
তিনি আরও বলেন, প্রবীণদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং তাদের প্রতি সম্মান ও যত্ন নিশ্চিত করা সকলের নৈতিক দায়িত্ব।
সেমিনারে বক্তারা সমাজসেবা অধিদপ্তরের করণীয় হিসেবে ভাতা বৃদ্ধি ও ডিজিটাল ব্যবস্থাপনার উন্নয়ন, কমিউনিটি-ভিত্তিক সাপোর্ট সেন্টার স্থাপন, প্রবীণবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান এবং আইনগত সহায়তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে বক্তারা বলেন, প্রবীণ নাগরিকরা সমাজের অভিজ্ঞ ও মূল্যবান সম্পদ। তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, পরিবার এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এর মাধ্যমে একটি মানবিক ও প্রবীণবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব। এছাড়াও বক্তব্য রাখেন ডা : আতিকুল সারোয়ার,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসিম খান, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ।