
(১ ঘন্টা আগে) ৯ মে ২০২৬, শনিবার, ৮:১৮ অপরাহ্ন
রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছে।
শনিবার (৯মে) ভোর ৬ টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)। ঘটনার সংবাদ পেয়ে সাজেক থানার আওতাধীন ১০ নং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
জানা যায়, রাঙ্গামাটির সাজেকের মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় সকালে কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। হেগেরা চাকমা পালানোর চেষ্টা কালে প্রতিপক্ষের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, নিহত হেগেরা চাকমা এলাকায় ইউপিডিএফ (প্রসিত) এর কালেক্টর (শুকনাছড়ি এলাকার কালেক্টর) নামে পরিচিত। অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে বলে জানায় তারা। এই ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সম্ভাব্য সহিংসতা এড়াতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার সংবাদ জেনেছি। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিস্তারিত জানা যাবে।
এদিকে সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এই হতাহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে ইউপিডিএফ নেতা হেগেরা চাকমা হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার-শাস্তির দাবি জানান।