banglahour

চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৮৪২ মেট্রিক টন

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১৮ ঘন্টা আগে) ১০ মে ২০২৬, রবিবার, ১১:৫৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গা জেলায় চলতি মৌসুমে ৩০ হাজার ৮৪২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে আগামী ১৩ মে (৩০ বৈশাখ) থেকে জেলায় আম সংগ্রহ শুরু হবে।


রোববার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, আম বাগান মালিক ও ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক মতবিনিময় সভায় আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করা হয়।
সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, কৃষি বিপণনের মাঠ ও বাজার পরিদর্শক শহিদুল ইসলাম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমানসহ আম ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ মৌসুমে জেলায় ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আম চাষ হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী—
১৩ মে থেকে আঁটি, গুটি, বোম্বাই, খিরসাপাত ও গোপালভোগ
২০ মে থেকে হিমসাগর
২৫ মে থেকে ল্যাংড়া
৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩)
১৫ জুন থেকে ফজলী
২০ জুন থেকে হাঁড়িভাঙ্গা ও ব্যানানা
৩০ জুন থেকে আশ্বিনা (বারি আম-৪)
৫ জুলাই থেকে কার্টিমন ও গৌড়মতি (বারি আম-১২) জাতের আম সংগ্রহ শুরু হবে।


সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার জানান, কোনো অবস্থাতেই অপরিপক্ব আম বাণিজ্যিকভাবে সংগ্রহ করা যাবে না। এছাড়া আম পাকানো ও সংরক্ষণে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।


তারা আরও জানান, অবৈধভাবে আম পাকানো বা মজুদ করা হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ ও ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, “জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচির বাইরে কেউ অপরিপক্ব আম সংগ্রহ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল