banglahour

মেহেন্দিগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল চিত্র, উদ্বিগ্ন অভিভাবকরা

সারাদেশ | ফয়সাল রাকিব, বরিশাল ব্যুরো প্রধান।

(২ ঘন্টা আগে) ১১ মে ২০২৬, সোমবার, ৮:২৩ অপরাহ্ন

বরিশালের মেহেন্দিগঞ্জ  উপজেলার ২০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনেক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি ও পাঠদানের অনিয়ম নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল। অভিযোগ উঠেছে, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা থাকলেও অনেক শিক্ষক সকাল ১০টা থেকে ১১টার আগে বিদ্যালয়ে আসেন না।

স্থানীয়দের অভিযোগ, কিছু কিছু  প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেই “শিক্ষা অফিসে কাজ আছে” বলে বিদ্যালয় ত্যাগ করেন। অন্যদিকে সহকারী শিক্ষকদের অনেকেই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ না দিয়ে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত সময় কাটান। দুপুর ১টা বাজলেই অনেকে বিদ্যালয় ছেড়ে চলে যান বলেও অভিযোগ রয়েছে।


অভিভাবকদের দাবি, এসব কারণে অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মান আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। অনেক শিক্ষার্থী বাংলা কিংবা ইংরেজি রিডিং পর্যন্ত সঠিকভাবে পড়তে পারে না।


আরও অভিযোগ রয়েছে, কিছু শিক্ষক নিজেদের সন্তানদের নিজ বিদ্যালয়ে ভর্তি না করিয়ে -পাতারহাট  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়  এ ভর্তি করিয়ে পড়াশোনা করান। ফলে নিজেদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে সন্তানদের আনা-নেওয়া নিয়েই বেশি ব্যস্ত থাকেন তারা। পাশাপাশি কিছু শিক্ষক প্রাইভেট ও কোচিং বাণিজ্যের প্রতিও বেশি আগ্রহী হয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় শতাধিক শিক্ষক বরিশাল শহরে বসবাস করেন। প্রতিদিন ভোরে লঞ্চযোগে মেহেন্দিগঞ্জে এসে বিদ্যালয়ে পৌঁছাতে অনেকের সকাল ১১টা পর্যন্ত সময় লেগে যায়। আবার দুপুর ২টা ৫০ মিনিটের লঞ্চ ধরতে আগেভাগেই বিদ্যালয় ত্যাগ করেন তারা। এতে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।


বিভিন্ন এলাকার অভিভাবকদের অভিযোগ, উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও কঠোর তদারকির অভাবেই কিছু শিক্ষক এই সুযোগ নিচ্ছেন। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকেও কেউ কেউ সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে।


সচেতন মহল মনে করেন, “প্রাথমিক শিক্ষা জাতির মেরুদণ্ড। এই স্তরে দুর্বলতা তৈরি হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তাই এখনই কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।”

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মইনুল ইসলাম এর কাছে জানতে চাইলে  তিনি বলেন,
“আমাদের শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষকদের স্কুলমুখী করা এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করা হচ্ছে। কোনো বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়মিত তদারকি আরও জোরদার করা হবে।”

অভিভাবক ও সচেতন মহলের প্রত্যাশা, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত ও কার্যকর তদারকি বৃদ্ধি করা হলে মেহেন্দিগঞ্জের প্রাথমিক শিক্ষার মান আবারও উন্নতির পথে ফিরবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল