banglahour

চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, অপরিপক্ব আম বিক্রিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫ মাস আগে) ১২ মে ২০২৬, মঙ্গলবার, ৭:৪৪ পূর্বাহ্ন

 

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না আগের বছরের মতো নির্ধারিত ম্যাংগো ক্যালেন্ডার। জেলা প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় আমচাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ’ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা সচেতন ও পেশাদার হওয়ায় এখানে আগাম আম সংগ্রহের প্রয়োজন নেই। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এ জেলার আম দেরিতে পাকে এবং অঞ্চলভেদে পাকার সময়েও ভিন্নতা থাকে। তাই স্বাভাবিকভাবে যে আম যখন পাকে, তখনই বাজারজাত করার বিষয়ে প্রায় সর্বসম্মত মতামত এসেছে। তবে অপরিপক্ব আম বাজারজাত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সভায় আমের পরিমাপ পদ্ধতি নিয়েও আলোচনা হয়। জেলা প্রশাসক জানান, মেট্রিক পদ্ধতি চালু রাখতে পাশের আম উৎপাদনকারী জেলাগুলোর সঙ্গে সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। সভায় আমবিজ্ঞানী, কৃষিবিদ, আমচাষি, ব্যবসায়ী ও চেম্বার প্রতিনিধিরা অংশ নেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল