banglahour

ধানের মণ ৮০০ টাকা, শ্রমিকের মজুরি ১২০০

সারাদেশ | ডেস্ক রিপোর্ট।

(২ ঘন্টা আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ২:২১ পূর্বাহ্ন

জামালপুরে চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হলেও মুখে হাসি নেই কৃষকদের। উৎপাদন খরচ ও শ্রমিকের অতিরিক্ত মজুরির কারণে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। কৃষকদের অভিযোগ, ধানের মণ বিক্রি হচ্ছে মাত্র ৮০০ টাকায়, অথচ একজন শ্রমিকের মজুরি দিতে হচ্ছে ১২০০ টাকা।


মঙ্গলবার (১২ মে) জেলার মেলান্দহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সোনালি ধানে মাঠ ভরে উঠলেও হতাশায় দিন কাটছে চাষিদের। মাহমুদপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, “ধানের মণ ৮০০ টাকা, আর শ্রমিকের মজুরি ১২০০ টাকা। তাহলে আমরা খাবো কি, আর বিক্রি করবোই বা কি?


কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বিঘা জমিতে ধান চাষে এবার খরচ হচ্ছে প্রায় ২৩ থেকে ২৫ হাজার টাকা। জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও পরিচর্যার পাশাপাশি বড় চাপ হয়ে দাঁড়িয়েছে শ্রমিক সংকট। এক বিঘা জমির ধান কাটতে প্রয়োজন হয় প্রায় আটজন শ্রমিক। সে হিসেবে শুধু ধান কাটতেই খরচ পড়ছে প্রায় ৯ হাজার ৬০০ টাকা।


অন্যদিকে প্রতি বিঘায় গড়ে ২৪ থেকে ২৫ মণ ধান উৎপাদন হলেও বর্তমান বাজারদরে বিক্রি করে পাওয়া যাচ্ছে প্রায় ২০ হাজার টাকার মতো। এতে প্রতি বিঘায় ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।


কৃষক রবিউল ইসলাম বলেন, “সব খরচ মিটিয়ে মূল টাকাই উঠছে না, লাভ তো দূরের কথা।” একই ধরনের হতাশা প্রকাশ করেন কৃষক সুরুজ মিয়া। তিনি জানান, “৯ বিঘা জমির ওপর আমার সংসার চলে। এবার কী হবে আল্লাহই ভালো জানেন।”


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জামালপুরে ১ লাখ ২৬ হাজার ৩৮৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও বাজারমূল্য নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।


এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, কৃষকদের এখনই সব ধান বিক্রি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারি গুদামে ধান সরবরাহ করলে বাজারমূল্যের চেয়ে বেশি দাম পাওয়া যাবে বলেও জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল