
(২ ঘন্টা আগে) ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ৩:৩৪ অপরাহ্ন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হানিফ মিয়া নামে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কথিত মাদক ব্যবসায়ী জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত জাকিরের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
নিহত হানিফ মিয়া উপজেলার ফরিদপুর গ্রামের আনন্দবাজার এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে কুলিয়ারচর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর প্রধান অভিযুক্ত জাকির হোসেন পালিয়ে গেলেও লস্কর (৭৫), মো. আয়াত উল্লাহ (৩২), হেলেনা বেগম (৬০), খুকি বেগম (৫০) ও নদীয়া বেগমকে (২৩) আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে জাকির হোসেন ব্যবসায়ী হানিফ মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার বাড়িতে আটকে রেখে মারধর করেন। মারধরের সময় হানিফ মোবাইল ফোনে স্ত্রীকে বাঁচানোর জন্য সহায়তা চান। একপর্যায়ে তার মৃত্যু হলে মরদেহ বাড়ির অদূরে ফেলে রেখে জাকির পালিয়ে যায়।
পরে স্বজনরা জাকিরের বাড়িতে গিয়ে গেট তালাবদ্ধ দেখতে পান। এরপর ৯৯৯-এ ফোন করলে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে জাকিরের বাড়ির পাশের ফসলি জমি থেকে হানিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, জাকির ও তার পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না।
নিহতের স্ত্রী আয়েশা বেগম বলেন, “বাড়ি থেকে ডেকে নিয়ে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।
কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে হানিফ মিয়াকে আটকে রেখে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জাকির হোসেনের বিরুদ্ধে মাদক ও চুরিসহ ১৬টি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।