
(৪ ঘন্টা আগে) ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬:২০ অপরাহ্ন
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও জীবনমান উন্নয়নে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, সরকার এখন প্রথাগত ত্রাণ সহায়তার পরিবর্তে পার্বত্য অঞ্চলের যুবক-যুবতীদের কারিগরি দক্ষতা উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে ডব্লিউএফপি’র একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। এসময় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় নিরাপদ খাদ্য সহায়তা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ডিজিটাল ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডব্লিউএফপি’র কারিগরি সহায়তা প্রয়োজন। পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি পরিস্থিতিতে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর মিস সিমোন পার্চমেন্ট।
প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন, ডেপুটি হেড অব প্রোগ্রাম মিজ মাবিবেথ ব্ল্যাক, হেড অব অপারেশন হাফিজা খান এবং প্রোগ্রাম পলিসি অফিসার সুমিত্র চাকমা। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডব্লিউএফপি প্রতিনিধি দল পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আশ্বাস দেয়।