banglahour

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬:২১ অপরাহ্ন

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাঁকে আগামী চার বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক।

১৯৭১ সালে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় এলাকায় জন্মগ্রহণ করেন ড. শরীফুল করীম। তাঁর পিতা মরহুম আব্দুল করীম মজুমদারের আদি বাড়ি সদর দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী শীষপুর সাহেব বাড়িতে। পরবর্তীতে তাঁদের পরিবার চৌয়ারার মাটিয়ারায় স্থায়ীভাবে বসবাস শুরু করে।

শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার অংশ হিসেবে মালয়েশিয়ার International Islamic University Malaysia (IIUM) থেকে ‘Post-Colonial Literature’-এর ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৮তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে তিনি শিক্ষকতা পেশা শুরু করেন। দীর্ঘদিন আনন্দমোহন কলেজে অধ্যাপনার পর ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। সে সময় তিনি বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভাগীয় প্রধান, কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, হল প্রভোস্ট এবং ভর্তি কমিটির অনুষদ প্রধানসহ নানা গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল, কারিকুলাম কমিটি ও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবেও তিনি যুক্ত রয়েছেন।

তিনি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন University Teachers Association of Bangladesh (ইউট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। গবেষণা ক্ষেত্রেও তাঁর রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে প্রকাশিত গুরুত্বপূর্ণ কাজ।

নতুন দায়িত্ব গ্রহণের পর ড. শরীফুল করীম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়ে তিনি কৃতজ্ঞ। সরকার তাঁর ওপর যে আস্থা রেখেছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করেন এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল