banglahour

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন তারেক রহমান, জেলায় ব্যাপক প্রস্তুতি

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ৭:৩০ অপরাহ্ন

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে যাওয়া এ সরকারি সফরকে ঘিরে পুরো জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে সম্ভাব্য কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন এসএসএফ সদস্য, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন। এর মধ্যে রয়েছে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা। এছাড়া তিনি জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়ে দলীয় দিকনির্দেশনা দেবেন।


সফরসূচি অনুযায়ী, ১৬ মে সকালে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজ উদ্বোধন করবেন। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।


পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীবেষ্টিত চাঁদপুর জেলা ইলিশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত হলেও নদীভাঙন, শিল্পায়নের অভাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকটসহ নানা সমস্যায় পিছিয়ে রয়েছে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া জেলায় ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিনের।


চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম হোসেন বলেন, “তারেক রহমানের সফরকে ঘিরে তরুণদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা চাই কর্মসংস্থান সৃষ্টি, চাঁদপুর-কুমিল্লা সড়ক চার লেনে উন্নীতকরণ এবং পর্যটন শিল্পের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।”
চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ বলেন, “চাঁদপুরে ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সময়ের দাবি। পাশাপাশি নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও পর্যটন খাতের উন্নয়নেও উদ্যোগ প্রয়োজন।


জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে ৩৭০ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একইসঙ্গে চাঁদপুর থেকে দেশের ২২ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।


চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “চাঁদপুর একটি সম্ভাবনাময় জেলা। এখানে ইপিজেড হলে শুধু চাঁদপুর নয়, আশপাশের জেলার মানুষও কর্মসংস্থানের সুযোগ পাবে। প্রধানমন্ত্রীর কাছে এটিই আমাদের অন্যতম প্রধান দাবি।


দীর্ঘদিন পর তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয়দের আশা, এ সফরের মাধ্যমে পিছিয়ে পড়া চাঁদপুরে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল