banglahour

কারিনা কায়সার আর নেই !

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক।

(৬ ঘন্টা আগে) ১৬ মে ২০২৬, শনিবার, ২:২৪ পূর্বাহ্ন

লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর আজ শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবরটি নিশ্চিত করেছেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটা-পৌনে একটার দিকে কারিনা মারা গেছেন। আমার আগামী রবিবার চেন্নাই যাবার কথা ছিল, কিন্তু এখন তো আর...!

আজ শনিবার (১৬ মে) কারিনার মরদেহ দেশে নিয়ে আসার কথা রয়েছে। লিভারসংক্রান্ত জটিলতায় বেশ কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা।

প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় কারিনাকে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের সিএমসি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেন। এরপর তার লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল।

পারিবারিক  সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ বাড়তে থাকে। একই সাথে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে কারিনাকে  আইসিইউতে নেওয়া হয় এবং পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে বেশ জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি প্লাটফর্ম ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তিনি কাজ করেছেন। কারিনার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও ভক্তরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল