
(৩ মাস আগে) ১৮ মে ২০২৬, সোমবার, ৬:৪০ অপরাহ্ন
ময়মনসিংহের মুক্তাগাছায় ঘুমন্ত এক নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মূল অভিযুক্ত মো: মিজানকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ভাবকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজান মুক্তাগাছা উপজেলার ৭ নং ঘোগা ইউনিয়নের হালিদা গ্রামের মো: মফিজু ইসলামের ছেলে । ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী স্বামীর চাকরির সুবাদে মুক্তাগাছা উপজেলায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। একই ভবনের পাশের একটি কক্ষে অভিযুক্ত ব্যক্তি ডেকোরেশনের মালামাল সংরক্ষণ করতেন এবং মাঝে মধ্যে সেখানে অবস্থান করতেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১২ জানুয়ারি রাতে ভুক্তভোগীর স্বামী বাসায় না থাকায় তিনি একা ছিলেন। ওই সময় অভিযুক্ত ব্যক্তি সিলিংয়ের ফাঁকা অংশ দিয়ে কৌশলে ঘরে প্রবেশ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। এরপর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, মামলার পর থেকেই র্যাব-১৪ ঘটনাটির ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করে। আমারা আইনগত কার্যক্রম সম্পন্ন করে অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।