banglahour

চুয়াডাঙ্গার আটকবর ও কার্পাসডাঙ্গা বাজারে অভিযান

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ মাস আগে) ১৮ মে ২০২৬, সোমবার, ৬:৪৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আটকবর ও কার্পাসডাঙ্গা বাজারে লাইসেন্স ছাড়া গ্যাস, মেয়াদোত্তীর্ণ বীজ এবং প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে ৩ ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শিশু খাদ্য, সার ও বীজের দোকানে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রির দায়ে আটকবর বাজারের মেসার্স মা অটোর স্বত্বাধিকারী আব্দুর বারেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির দায়ে মেসার্স তিসাম বীজ ও বস্তা ঘরের স্বত্বাধিকারী বেল্টু মিয়াকে ১৫ হাজার টাকা এবং উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য ছাড়া শিশু খাদ্য বিক্রির দায়ে মেসার্স হারুন স্টোরের স্বত্বাধিকারী হারুন অর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ২ বস্তা জুসবার জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।


এসময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ, বীজ এবং শিশু খাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল