
(৫ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ১২:৪২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ থাকায় চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ট্যারিফ ভ্যালু বা শুল্কায়ন মূল্য নির্ধারণ নিয়ে ভারতীয় রপ্তানিকারকদের একতরফা সিদ্ধান্তের জেরে গত ১ মে থেকে এই বন্দর দিয়ে পাথর আমদানি সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে প্রতিদিন প্রায় ২ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার এবং কর্মহীন হয়ে পড়েছেন বন্দরের সঙ্গে জড়িত প্রায় ৫ হাজার শ্রমিক।
জানা গেছে, ভারতের মোহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন হঠাৎ করেই প্রতি টন পাথরের এলসি মূল্য ১৩ ডলার থেকে বাড়িয়ে ১৫ ডলার করার দাবি জানায়। কোনো পূর্ব আলোচনা ছাড়াই এ সিদ্ধান্ত কার্যকর করায় আমদানিকারকরা বিপাকে পড়েছেন। তাদের দাবি, সরকার নির্ধারিত ট্যারিফ অনুযায়ী পণ্য আমদানি করা হয়, তাই একতরফাভাবে মূল্য বৃদ্ধি মেনে নেওয়া সম্ভব নয়।
আমদানিকারক সাঈদী হাসান বলেন, “আমরা পাথর আমদানি বন্ধ করিনি, ভারতীয় রপ্তানিকারকরা বন্ধ করে দিয়েছে। আলোচনা ছাড়া হঠাৎ মূল্য বাড়ানোর সিদ্ধান্তে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।”
সোনামসজিদ আমদানি-রপ্তানি গ্রুপের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জানান, প্রতিদিন এই বন্দর দিয়ে ৩০০ থেকে ৩৫০টি ট্রাকে পাথর আমদানি হতো। কিন্তু ভারতীয় রপ্তানিকারকরা ১৫ ডলারের নিচে পাথর দিতে রাজি না হওয়ায় বর্তমানে পুরো কার্যক্রম বন্ধ রয়েছে।
সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি বলেন, “ঝাড়খণ্ডের কালো পাথরের জন্য সোনামসজিদ বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ অন্যান্য বন্দরে এখনো ১৩ ডলারেই পাথর আমদানি চলছে। তাই এখানেও আগের দামে আমদানি চালুর দাবি জানাচ্ছি।”
পাথর আমদানি বন্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে শ্রমিকদের ওপর। বন্দরের সঙ্গে জড়িত প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ শ্রমিক সরাসরি ট্রাক থেকে পাথর আনলোডের কাজ করতেন। বর্তমানে তারা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
শ্রমিক ইব্রাহিম বলেন, “এখন বন্দরে কোনো কাজ নেই। পাথর-ফল সব বন্ধ। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।”
এদিকে দীর্ঘদিন ধরে ফল আমদানি বন্ধ থাকার পর এবার পাথর আমদানিও বন্ধ হয়ে যাওয়ায় কার্যত স্থবির হয়ে পড়েছে পানামা পোর্ট। আগে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০টি ট্রাক বন্দরে প্রবেশ করলেও বর্তমানে মাত্র ২০ থেকে ৩০টি অন্যান্য পণ্যের ট্রাক আসছে।
সোনামসজিদ পানামা পোর্ট লিংকের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, “পাথর, ফল ও পেঁয়াজ ছিল এই বন্দরের প্রধান চালিকাশক্তি। এখন সবকিছু প্রায় বন্ধ হয়ে গেছে। এতে শ্রমিক, ব্যবসায়ী ও সরকার সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের রেভিনিউ অফিসার রাজু মিয়া জানান, “ভারতীয় রপ্তানিকারকরা ১৫ ডলারে এলসি করার দাবি জানালেও বাংলাদেশি আমদানিকারকরা তাতে রাজি নন। ফলে আপাতত পাথর আমদানি বন্ধ রয়েছে এবং সরকার প্রতিদিন প্রায় ২ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।