
(৬ দিন আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ২:১২ অপরাহ্ন
ডিজিটাল ভূমিসেবা সপ্তাহের মাধ্যমে দেশের জনগণ ভূমি সংক্রান্ত কেলেঙ্কারি ও হয়রানি থেকে পরিত্রাণ পাবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অ্যাপভিত্তিক সেবার ফলে মানুষ ভূমি অফিসে না গিয়েই বিভিন্ন ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। এতে সাধারণ জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই উদ্যোগ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেরই প্রতিফলন।
পাথর কোয়ারি সনাতন পদ্ধতিতে খুলে দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন তিনি।
মেলায় নামজারি, খতিয়ান, পর্চা, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা বিষয়ে সরাসরি তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।