banglahour

ভৈরবে ৩ দিনব্যাপী ভূমি সেবা শুরু, মিলছে ডিজিটালি খাজনা ও নামজারির সুযোগ

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৬ দিন আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৬:৪৬ অপরাহ্ন

​"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা।

​মঙ্গলবার (১৯ মে) সকালে ভৈরব উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এবং একটি সচেতনতামূলক র‍্যালির মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। এর আগে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয়ভাবে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন, যা ভৈরব মেলা প্রাঙ্গণে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

​​ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে.এম মামুনুর রশীদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র ​হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ​মজিবুর রহমান,
ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি  সভাপতি জাহিদুল হক জাবেদ।


ভূমি অফিসের সূত্রে জানা যায়, আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কারণে এখন আর সাধারণ মানুষকে ইউনিয়ন বা উপজেলা ভূমি অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। অনলাইন পদ্ধতি চালুর ফলে সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের প্রত্যাশা, এই ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ভূমি কর আদায়ে শতভাগ স্বচ্ছতা আসবে এবং মধ্যস্বত্বভোগী বা দালালদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ হবে। এছাড়া ​আইনি জটিলতা এড়াতে এবং বছরের হিসাব চুকিয়ে দিতে ভৈরবের সকল ভূমির মালিকদের সময়মতো ভূমি উন্নয়ন কর ও ই-নামজারি সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

​এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক বলেন, ভূমি সেবা সপ্তাহ একটি চলমান প্রক্রিয়া। মেলা উপলক্ষে ভৈরব ভূমি অফিসে এসে যেকোনো ব্যক্তি সরাসরি ভূমি সংক্রান্ত সেবা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন। এখানে আমরা নামজারি, খাজনা পরিশোধ ও রেকর্ড সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুততার সাথে সমাধান করছি।

​​১৯ মে থেকে শুরু হওয়া এই ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ২১ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে মোট ৫টি বুথের মাধ্যমে নাগরিকদের সেবা দেওয়া হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল