banglahour

রাজধানীতে আটক মেঘনার সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(১৪ ঘন্টা আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৮:৫৯ অপরাহ্ন

 

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর শাহবাগ এলাকার পিরামিড মার্কেটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম। তিনি জানান, শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগে দায়ের করা মামলায় তার নাম রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং কয়েকজন আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার দীর্ঘ সময় পর গত ১৫ মে মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে মেঘনা থানায় ৮৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় তাজুল ইসলাম তাজকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

ওসি শহীদুল ইসলাম আরও জানান, তাজুল ইসলামের বিরুদ্ধে মেঘনা থানায় আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেঘনা থানায় নিয়ে আসা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল