
(১৩ ঘন্টা আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ১০:১৩ অপরাহ্ন
“পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে।
প্রতিবছর ২৮ মে দিবসটি পালন করা হলেও এ বছর পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকায় মঙ্গলবার বিদ্যালয়ের মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ দায়িত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য স্যানিটারি প্যাড ও সাবান উপহার হিসেবে প্রদান করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মাসিক কোনো রোগ নয়, এটি নারীর সুস্থতার একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাই মাসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।”
তিনি আরও বলেন, “একজন সুস্থ নারী মানেই একটি সুস্থ পরিবার, আর সুস্থ পরিবার গড়ে তোলে সুস্থ সমাজ। তাই আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে মাসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা হবে, বৈষম্য নয় বরং সম্মান ও সহযোগিতা নিশ্চিত হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবলোক খুলনার সংগঠক অর্ঘ্য কুমার দাস, প্রকল্প সমন্বয়কারী উম্মে আনিনা তৃণা, প্রকল্প কর্মকর্তা আখি ঘোষ এবং বিদ্যালয়ের হাইজেনিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তুলি রায়, অনামিকা মল্লিক, সিনিয়র শিক্ষক মোঃ মারুফুল হক ও অভিজিৎ কুমার মণ্ডল।