banglahour

চুয়াডাঙ্গায় সৃষ্টি ডেইরীকে ৩০ হাজার টাকা জরিমানা

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৮:৩৫ অপরাহ্ন

তৈরি মিষ্টি সামগ্রী খোলা রাখা ও খাবারের অনুপযুক্ত রঙ সংরক্ষণ করার অভিযোগে চুয়াডাঙ্গার মেসার্স সৃষ্টি ডেইরীর স্বত্বাধিকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি তৈরির কারখানা, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মসলার বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিয়মের দায়ে জরিমানা আরোপ ও আদায় করা হয়।


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বিকেলে পাঠানো এক বার্তায় জানান, তদারকিকালে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ, তৈরি মিষ্টি খোলা অবস্থায় রাখা এবং খাবারের অনুপযুক্ত রঙ মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মাখালডাঙ্গা গ্রামের মেসার্স সৃষ্টি ডেইরীর স্বত্বাধিকারী নাজিম উদ্দীনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত অনিয়মগুলো সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।


এ সময় শহরের নিচের বাজারে ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য এবং শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বড় বাজারের আবদুল্লাহ সিটির দোকান মালিকদের জুতা-কাপড়সহ অন্যান্য পণ্য যৌক্তিক মূল্যে বিক্রির আহ্বান জানানো হয়।


অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল