
(২ ঘন্টা আগে) ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ১০:১৬ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ছোট বড় ১৮টি অবৈধ রূপোর বারসহ এক বৃদ্ধাকে আটক করেছে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার (২১ মে) বেলা পৌনে ২টার সময় ঢাকা থেকে ট্রেনযোগে ফেরার পর রেলওয়ে স্টেশন সংলগ্ন নান্টুরাজ সিনেমা হলের নিকট চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান এদিন রাত সোয়া ৮টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল তারই সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদের নেতৃত্বে একটি বিশেষ টহলদল চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন নান্টুরাজ সিনেমা হলের নিকট চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তারা ঢাকা থেকে ট্রেনযোগে আসা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্টচানপুরের মরহুম শাহজাহানের স্ত্রী রিজিকা বেগমকে (৬০) আটক করে। তারপর তার দেহ ও ব্যাগ তল্লাশী করে ছোটবড় ১৮টি অবৈধ ভারতীয় রূপোর বার ও তার হাতে থাকা একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকরা রূপোর আনুমানিক ওজন ৪ কেজি ১০০ গ্রাম,যার আনুমানিক তালিকা মূল্য ১৯ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। এছাড়াও জব্দকরা মোবাইল ফোনের আনুমানিক তালিকা মূল্য ১ হাজার টাকা।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা ও উদ্ধার করা রূপোগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।