
(৫ মাস আগে) ২২ মে ২০২৬, শুক্রবার, ৮:১৭ অপরাহ্ন
পঞ্চগড় থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের পিছনের সিট থেকে মোঃ রাজু হাওলাদার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকাল ৯ টার দিকে বাগেরহাটের মোংলা বাস স্ট্যান্ডে গাড়িটি পৌছালে ওই মরদেহটি পাওয়া যায়।
নিহত রাজু হাওলাদার বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া এলাকার বাসিন্দা। তিনি মোঃ মিজানুর রহমানে আশ্রয়ে পালিত হয়েছেন।
বিআরটিসির মোংলা বাস কাউন্টার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ( ঢাকা মেট্রো-ব-১৫-৫৪৭১) নম্বরের একটি বিআরটিসি বাসে করে যশোর থেকে ওই যাত্রী ওঠে। ফকিরহাটে কাটাখালী এলাকায় নামার কথা থাকলেও তিনি নামেন নি।
বাসটি মোংলায় পৌঁছালে বাসের পিছনের সিটে মোঃ রাজু হাওলাদার (৩৫) কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন যাত্রীরা। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটে পাঠানোর হয়েছে । মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিক ভাবে জানাতে না পারলেও তিনি জানান, রহস্য উদঘাটনে তদন্ত করা হচ্ছে।