banglahour

দুর্ঘটনা রোধে দক্ষ চালক ও জনসচেতনতায় গুরুত্ব দিলেন মন্ত্রী রবিউল আলম

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৫ মাস আগে) ২২ মে ২০২৬, শুক্রবার, ৮:২১ অপরাহ্ন

 

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং দক্ষ চালক নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, চালকের অদক্ষতা, ফিটনেসবিহীন যানবাহন ও পথচারীদের অসচেতন আচরণই দেশে অধিকাংশ সড়ক দুর্ঘটনার মূল কারণ। সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

শুক্রবার (২২ মে) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ও দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১১৯টি পরিবারের মাঝে প্রায় ৪ কোটি ৮৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে নিহত ৮৬ জনের পরিবার এবং আহত ৩৩ জন ব্যক্তি বা তাদের স্বজন সহায়তা গ্রহণ করেন।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, একজন উপার্জনক্ষম ব্যক্তি কিংবা পরিবারের প্রিয় সদস্যকে হারানোর শোক কোনো অর্থমূল্যে পূরণ করা সম্ভব নয়। সরকারের এই সহায়তা মূলত রাষ্ট্রের মানবিক দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।

তিনি জানান, দেশে প্রতিবছর গড়ে প্রায় সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান, যা অত্যন্ত উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবহন মালিকদের দক্ষ ও প্রশিক্ষিত চালকদের হাতে যানবাহন তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।

আসন্ন ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যে প্রায় আড়াই কোটি মানুষের যাতায়াত এবং কোরবানির পশু পরিবহন বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। তবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত প্রস্তুতি, জনসচেতনতা এবং অনুকূল আবহাওয়া থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কমাতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে আন্ডারপাস, ওভারপাস এবং ইউ-লুপ নির্মাণ জরুরি। পাশাপাশি দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করতে সমন্বিত মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার কারণে দুর্ঘটনার হার ধীরে ধীরে কমছে বলেও তিনি দাবি করেন।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিপুল বিনিয়োগের পরও দুর্ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা হতাশাজনক। এজন্য কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসান। বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিতে সরকার, চালক, যাত্রী ও পথচারীদের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল