
(৯ ঘন্টা আগে) ২৩ মে ২০২৬, শনিবার, ৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেওয়ার পর একটি গোষ্ঠী দেশে অস্থিরতা ও অরাজকতা তৈরির চেষ্টা করছে, যাতে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়।
শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “যারা আজ আন্দোলন ও অবরোধ করছে, তারা কৃষকের কথা বলে না, খাল খননের কথা বলে না। তারা শুধু বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টি করতে চায়।”
তিনি জানান, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা ধরার খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং অন্তত ৪ হাজার ৩০০ কৃষক সরাসরি উপকৃত হবেন। এছাড়া প্রায় ২০ হাজার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় ৪৫ বছর আগে এই খাল খনন কার্যক্রমে অংশ নিয়েছিলেন। বিএনপি সরকার এখন গ্রামীণ অর্থনীতি ও কৃষিকে পুনরুজ্জীবিত করতে সারাদেশে খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, সরকারের “ফ্যামিলি কার্ড” ও “কৃষক কার্ড” কর্মসূচির মাধ্যমে নারীদের ও কৃষকদের সরাসরি সহায়তা দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের প্রায় ২ কোটি ৬৫ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী জানান, গ্রামীণ শিক্ষার্থীদের জন্য নতুন স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচিও চালু করা হচ্ছে। আগামী জুলাই থেকে ধাপে ধাপে এসব বিতরণ শুরু হবে।
তিনি ধর্মীয় ব্যক্তিদের সম্মানীর বিষয় উল্লেখ করে বলেন, মসজিদের ইমাম-খতিব, মাদ্রাসার শিক্ষক এবং অন্যান্য ধর্মীয় গুরুদের জন্যও ভাতা নিশ্চিত করা হয়েছে।
তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করা হবে, যাতে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ে।
সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া একটি শিশুহত্যার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তবে একটি মহল ঘটনাটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “অরাজকতা সৃষ্টি হলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।
অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রিশাল আসনের এমপি ডা. মাহবুবুর রহমান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও হাজারো মানুষ উপস্থিত ছিলেন।