
(৪ ঘন্টা আগে) ২৩ মে ২০২৬, শনিবার, ১০:০৫ অপরাহ্ন
দীর্ঘদিনের অবহেলা, দুর্ভোগ আর বিচ্ছিন্নতার প্রতীক হয়ে থাকা কুড়িগ্রামের ধরলা নদীর বাংটুর ঘাটে এবার স্বপ্নের সেতু নির্মাণের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ-এর সুপারিশ ও ধারাবাহিক প্রচেষ্টার ফলেই বহু প্রতীক্ষিত এই প্রকল্পটি এখন বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম বাংটুর ঘাট এলাকায় প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে স্থান পরিদর্শন করে চীনের রোড ব্রিজ কর্পোরেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি ধরলা নদীর প্রবাহ, সংযোগ সড়ক, ভৌগোলিক অবস্থান ও কারিগরি বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করে।
চীনা প্রতিনিধি দলে নেতৃত্ব দেন প্রধান প্রকৌশলী জাইয়া সাই। এছাড়া ছিলেন বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানা গেছে, সদর উপজেলার হলোখানা ইউনিয়নের শিবরাম থেকে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ পর্যন্ত সড়কের বাংটুর ঘাট এলাকায় ধরলা নদীর ওপর প্রায় ১ হাজার ৭৫০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছে এলজিইডি। এর মধ্যে প্রায় ৯০০ মিটার মূল ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ধরলার ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ। বছরের পর বছর নৌকানির্ভর যোগাযোগ ব্যবস্থা ও দুর্ভোগের কারণে এ অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন রুহুল কবির রিজভী আহমেদ। তিনি গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে একটি ডি.ও. পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেন। তার এই উদ্যোগের পরই সরকার “পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সমীক্ষা প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় প্রস্তাবটি বিবেচনায় নেয়।
স্থানীয়দের বিশ্বাস, এই সেতু নির্মিত হলে তিন উপজেলার প্রায় ৮ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। একইসঙ্গে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় উন্নয়নের নতুন দ্বার খুলবে সীমান্তবর্তী এই জনপদে।
এ বিষয়ে কথা হলে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, "বাংটুর ঘাট সেতু বাস্তবায়নের দাবিতে ফুলবাড়ী ও কাঁঠালবাড়ী অঞ্চলের মানুষকে দীর্ঘদিন থেকে সুসংগঠিত করেছি। আমি একটি ডিও লেটার দিয়েছিলাম প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে। তিনি বিষয়টি আমলে নিয়ে সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে আজকে চীনা প্রতিনিধি দল পাঠিয়েছেন। আমরা আশা করি সেতুটি বাস্তবায়ন হলে ফুলবাড়ী ও কুড়িগ্রামেে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের চিরস্থায়ী অবসান হবে এবং যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন আসবে। এভাবেই বর্তমান সরকার কুড়িগ্রামের সকল সমস্যার সমাধান করবেন-ইনশাল্লাহ।"
কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, " বাংটুর ঘাটে ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু ফুলবাড়ী ও আশপাশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। চীনা প্রতিনিধি দলের পরিদর্শন সেই স্বপ্ন বাস্তবায়নের আশাকে আরও জোরালো করেছে। সেতুটি নির্মিত হলে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন গতি আসবে। আমরা চাই, এই উদ্যোগ দ্রুত বাস্তবে রূপ নিয়ে ধরলার দুই পাড়ের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাক।"
বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী বলেন, “ঈদের পর একটি বিশেষ স্টাডি টিম এসে সেতু নির্মাণের সম্ভাব্যতা, ব্যয় এবং জনসুবিধা নিয়ে বিস্তারিত কাজ করবে। তাদের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।”
দীর্ঘদিনের বঞ্চনা আর যোগাযোগ সংকটে পিছিয়ে থাকা কুড়িগ্রামের মানুষের কাছে ধরলার ওপর সম্ভাব্য এই সেতু এখন শুধু একটি অবকাঠামো নয়—এটি হয়ে উঠেছে উন্নয়ন, সম্ভাবনা ও নতুন স্বপ্নের প্রতীক।