banglahour

শিশু রামিশাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(২ মাস আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ১:২৭ অপরাহ্ন

শিশু রামিসা, লামিয়া ও আছিয়াসহ দেশব্যাপী শিশু ধর্ষণ, হত্যার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) সকালে জেলা শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে অংশ নেয় সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও জেলা শাখা, ঠাকুরগাঁওয়ের সম্মিলিত নারী সমাজ, জেলা সিএসও এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরাসহ নানা শ্রেণি-পেশার মানুষেরা।

বক্তারা বলেন, দেশে দিন দিন নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। অনেক ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। শিশু রামিসা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

তারা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। এসময় “নারী ও শিশু নির্যাতন বন্ধ কর”, “ধর্ষকদের দ্রুত বিচার চাই”, “শিশু হত্যার বিচার চাই”সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শেষে বক্তারা নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল