
(৫ মাস আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৫:০৭ অপরাহ্ন
কৃষ্ণচূড়ার লালে লালচে হবে এলাকার আকাশ-বাতাস, বর্ষার আগমনী বার্তা নিয়ে কদম ফুলের সৌন্দর্যে শোভিত হবে এলাকা। পরিবেশ ইস্যূতে ময়মনসিংহের স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন 'জনউদ্যোগ' ও সাংস্কৃতিক সংগঠন 'অনসাম্বল' থিয়েটারের উদ্যোগে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট(আইইডি)'র আর্থিক সহযোগিতায় ময়মনসিংহ নগরীকে সবুজায়ন করার লক্ষ্যে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।
আজ (রোববার) দুপুরে নগরীর সানকিপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় জনউদ্যোগ সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেনের সঞ্চালায় এই কর্মসূচির উদ্বোধন করেন গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তাপস মজুমদার।
তাপস মজুমদার বলেন, জনউদ্যোগ ও অনসাম্বল থিয়েটারের এমন উদ্যোগে নিশ্চয়ই পরিবশগত ভারসাম্য ময়মনসিংহ নগরে স্বল্প পরিসরে হলেও প্রভাব ফেলবে। এই সময় গাছের চারা রোপণ করার সময় প্রতিটি মানুষের উচিৎ ৫টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো।
অনসাম্বল থিয়েটারের সভাপতি সাংস্কৃতিক কর্মী আবুল মুনসুর আহ্বান করেন, ময়মনসিংকে সবুজ নগরী সৃষ্টিতে তার সংগঠন জনউদ্যোগ ও আইইডি'র সাথে নিয়মিত সংযুক্ত থেকে নারী, পরিবেশ ও জাতীগত ধর্মীয় সংখ্যালঘু ইস্যূতে কাজ করবেন।
এসময় জনউদ্যোগ সদস্য, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, যুব ও সাংস্কৃতিক ফোরাম সদস্য, নারী ফোরাম সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপনে কৃষ্ণচূড়া, কদম, কাঠ-বাদাম রোপণ করা হয়।