
(৩ ঘন্টা আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৮:৫২ অপরাহ্ন
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের জুরাছড়ি জোন ররিবার (২৪ মে) সকালে জোন সদরে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এক মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করে, যেখানে অসহায়, দুস্থ, দরিদ্র ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র, অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের পারিবারিক প্রয়োজন, চিকিৎসা ব্যয় এবং পুনর্বাসনের বিষয় বিবেচনা করে সর্বমোট ১ লক্ষ ২৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুরাছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, পিএসসি। এ সময় জোনের অন্যান্য স্টাফ অফিসার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক আন্তরিক ও মানবিক পরিবেশের সৃষ্টি হয়, যেখানে সেনাবাহিনীর সদস্যরা উপকারভোগীদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
উপজেলার দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার চিত্তিময় চাকমা, সুমী আক্তার, টুত্তুরী চাকমা, মনোনীতা চাকমা, গরিকা চাকমা, মিন্টি চাকমা, কৃষ্ণলতা চাকমা, চঞ্চলা চাকমা, অনিল বরন চাকমা, সুনিল চাকমা ও ফারুক হোসেন প্রমুখ ব্যক্তিকে নগদ অর্থ, চিকিৎসা সহায়তা এবং পুনর্বাসনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি এলাকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আমতলী প্রাইমারি স্কুলকেও বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জোন অধিনায়ক তাঁর বক্তব্যে বলেন,"বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষাতেই নয়, মানবতার কল্যাণেও সর্বদা নিবেদিত। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও জুরাছড়ি জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগের জন্য রাঙ্গামাটি রিজিয়ন তথা জুরাছড়ি জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের জন্য এ ধরনের সহায়তা শুধু আর্থিক সহায়তাই নয়, বরং নতুন করে বেঁচে থাকার প্রেরণা ও আশার আলো জাগিয়ে তোলে। সেনাবাহিনীর আন্তরিকতা ও সহযোগিতা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।
উল্লেখ্য, অপারেশন উত্তরণের আওতায় রাঙ্গামাটির রিজিনের অন্তর্ভুক্ত জুরাছড়ি জোন দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন দুর্যোগকালীন সহায়তা উল্লেখযোগ্য।
বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জনআস্থার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।