banglahour

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি, ধীরগতিতে চলছে পরিবহন

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১:০৩ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির প্রথম দিন থেকেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।

পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। ফলে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের কুমিল্লা অংশজুড়ে বেড়েছে যানবাহনের চাপ। যদিও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি, তবে স্বাভাবিক সময়ের তুলনায় ধীরগতিতে চলতে দেখা গেছে অধিকাংশ যানবাহনকে।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রামের পদুয়া পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পায়। বিশেষ করে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের গৌরীপুর, মাধাইয়া, চান্দিনা, কুমিল্লা ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ার বাজার, মিয়াবাজার, চৌদ্দগ্রাম ও পদুয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের ধীরগতি রয়েছে। বিভিন্ন স্থানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো এবং সড়কের পাশে বাজারকেন্দ্রিক চাপের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

ঢাকা থেকে নোয়াখালীগামী যাত্রী সিরাজুল ইসলাম বলেন,
সকাল ৭টায় ঢাকার যাত্রাবাড়ী থেকে রওনা দিয়েছি। এখনো কুমিল্লা পার হতে পারিনি। যানজট না থাকলেও গাড়ি খুব ধীরে চলছে। তবে ঈদের সময় হিসেবে পরিস্থিতি মোটামুটি সহনীয়।

চট্টগ্রামগামী যাত্রী শাহনাজ আক্তার স্বপ্না বলেন,
প্রতি ঈদেই কষ্ট করে বাড়ি ফিরতে হয়। এবার রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি। তারপরও পরিবারের সঙ্গে ঈদ করতে পারবো, এ আনন্দই আলাদা।

অন্যদিকে বাসচালক আবুল কাশেম জানান,
সড়কে গাড়ির চাপ সকাল থেকেই বেড়েছে। বিভিন্ন জায়গায় লোকাল বাস ও সিএনজির কারণে গতি কমে যাচ্ছে। পুলিশ কাজ করছে, তাই বড় ধরনের যানজট হয়নি।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর শাহজাহান বলেন,
ঈদকে কেন্দ্র করে আজ মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেশি। তবে কোথাও দীর্ঘ যানজট নেই। হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়।

তিনি আরও জানান, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে এবং যানজট নিয়ন্ত্রণে টহল জোরদার করা হয়েছে।

এদিকে যাত্রীদের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানো, অবৈধ পার্কিং এবং ছোট যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে ভোগান্তি বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, ঈদের আগের দু-একদিন যানবাহনের চাপ আরও বাড়তে পারে। তাই যাত্রীদের বাড়তি সময় হাতে নিয়ে যাত্রা করার পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল