banglahour

লাখো মুসল্লির অপেক্ষায় শোলাকিয়া, উন্নয়নের দাবিতে মুসল্লিদের আক্ষেপ

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ পরিনিধি।

(৫ ঘন্টা আগে) ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ৪:০২ অপরাহ্ন


ঈদুল আযহার ১৯৯তম জামাতকে ঘিরে উৎসবমুখর আবহে প্রস্তুত এশিয়ার ঐতিহ্যবাহী বৃহত্তম ঈদ জামাতের মাঠ শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে এবারও গড়ে তোলা হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তা বলয়। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সহজ করতে চালু থাকবে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন। আয়োজকদের প্রত্যাশা বেশি সওয়াবের আশায় এবারও লাখো ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় মুখর থাকবে ঐতিহাসিক এই প্রান্তর। তবে শতবর্ষের ঐতিহ্য বহন করলেও এখনও দৃশ্যমান হয়নি তেমন কোনো উন্নয়ন। মাঠটির আধুনিকায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা।

এশিয়ার ঐতিহ্যবাহী বৃহত্তম ঈদ জামাতকে ঘিরে প্রস্তুত এখন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি। গরু কোরবানির বিষয়টি বিবেচনায় রেখে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঐতিহ্যের এই বিশাল জামাতকে ঘিরে মাঠে দাগ কাটা, মেহরাব ও দেয়ালে চুনকাম, ওজুখানা নির্মাণ এবং পুরো ময়দানের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ইতোমধ্যেই শেষ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি মাঠের ভেতরে বসানো হয়েছে ৬৪টি সিসি ক্যামেরা। এছাড়া ৪টি ওয়াচ টাওয়ার থেকে মুসল্লিদের সার্বিক গতিবিধি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে শত বছরের ঐতিহ্য বহনকারী এই ঈদগাহ ময়দানের স্থায়ী উন্নয়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে। মুসল্লি ও এলাকাবাসীর দাবি প্রতি বছর লাখো মানুষের সমাগম হলেও মাঠের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থায়ী সংস্কারের উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। বড় জামাতে ঈদের নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায় এমন বিশ্বাস থেকে প্রতিবছরের মতো এবারও লাখো মুসল্লির ঢল নামবে শোলাকিয়া ঈদগাহ ময়দানে।
চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মাঠে জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া কোন কিছু আনা যাবে না। নিরাপত্তায় ড্রোন ক্যামেরাসহ পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, বোম ডিসপোজাল ইউনিট, ও পুলিশের চেকপোস্ট থাকবে বলে জানান পুলিশ সুপার।
মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার, কিশোরগঞ্জ।

দুটি স্পেশাল ট্রেন ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি অসুস্থ মুসল্লিদের চিকিৎসা প্রদানে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতির কথা জানান জেলা প্রশাসক ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি।সোহানা নাসরিন, জেলা প্রশাসক, কিশোরগঞ্জ।

রেওয়াজ অনুযায়ী বন্দুকের গুলি ফুটিয়ে ঈদ জামাত শুরুর সংকেত দেওয়া হয়। জামাত শুরুর ১৫ মিনিট আগে তিনটি, ১০ মিনিট আগে দুটি এবং পাঁচ মিনিট আগে একটি শটগানের গুলি ফোটানো হয়।  
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল