banglahour

পাহাড় থেকে শতশত গরু আনা হয়েছে সমতলে রাঙ্গামাটিতে শেষ মুর্হুতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ৪:০৩ অপরাহ্ন


রাঙ্গামাটিতে শেষ মুর্হুতে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। আসন্ন ‘কোরবানির ঈদ’কে সামনে রেখে রাঙ্গামাটির পাহাড় থেকে শতশত গরু, ছাগল আনা হয়েছে সমতলে। পাহাড়ি গরুগুলোও স্বাভাবিকভাবে মোটাতাজা এবং সুস্থ। এসব গরুকে কোন কৃত্রিম ওষুধ প্রয়োগে মোটা করা হয় না। তাই সহজেই ক্রেতাদের মন কাড়ছে রাঙ্গামাটির কোরবানি পশুর হাটে ওঠা এসব পাহাড়ি গরু। 

ফলে এসব গরুর চাহিদাও ব্যাপক।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় এবার ১৯টি পশুর হাটে কোরবানির গবাদি পশু বিক্রয় করা হলেও রাঙ্গামাটি শহরের পৌর ট্রাক টার্মিনালে কোরবানী পশুর হাট স্থাপন করেছে পৌরসভা। রাঙ্গামাটির বরকল, লংগদু, বিলাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর, বাঘাইছড়ি উপজেলাসহ প্রভৃতি এলাকা থেকে কাপ্তাই হ্রদের নৌ পথ দিয়ে প্রতিদিন ইঞ্জিন নৌকা ভর্তি করে পাহাড়ি গরু কোরবানী পশুর হাটে আসতে শুরু করেছে বেশ কদিন ধরে। আর দুর্গম পাহাড়ি এলাকাগুলো থেকে কমদামে গরু এনে ভালো লাভে বিক্রি করার সুযোগ থাকায় অনেক গরু ব্যবসায়ী পাহাড়ি গরু সংগ্রহ করছেন। 


রাঙ্গামাটি শহরের পৌরসভা টার্মিনালে ঘুরে দেখা গেছে, গরুর হাটে ছোট সাইজের গরু ৭০ থেকে ৯০ হাজার টাকা, মাঝারি সাইজের গরু ১লক্ষ থেকে ১লক্ষ ২০ হাজার টাকা, বড় সাইজের গরু দেড় লক্ষ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা এবং সবচেয়ে বড় সাইজের গরু ৩ থেকে সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হচ্ছে। 
এ বছর কোরবানির পশুর হাটে গরু উঠেছে পর্যাপ্ত পরিমানে। হাটে গরু থাকলেও গরুর দাম বেশ চড়া। গত বছরের ন্যায় এ বছর ছোট, বড়, মাঝারি সব গরুর দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এতে করে মধ্যবিত্ত পরিবারের কোরবানির গরু কিনতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন ক্রেতারা।


রাঙ্গামাটি জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক লেলিন দে জানান, জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে রয়েছে ৪৪ হাজার ৮৮২টি। বর্তমানে জেলায় প্রস্তুত রয়েছে প্রায় ৫৩ হাজার ২৭২টি পশু। আর কোন ধরনের মোটা-তাজাকরণ ওষুধ ছাড়াই পাহাড়ি এসব গরু বনে পাহাড়ে স্বাধীনভাবে বেড়ে ওঠায় দেখতে বেশ হৃষ্টপুষ্ট। তাই এইসব গরু ব্যাপকভাবে আসতে থাকায় বাজারে কোরবানির পশুর কোন সঙ্কট তৈরি হবে না বলে মনে করে জেলা প্রাণী সম্পদ বিভাগ।


এব্যাপরে রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, রাঙ্গামাটি জেলার পশুর হাটগুলোতে ক্রেতারা যাতে সুষ্ঠুভাবে কোরবানির পশু ক্রয় করতে পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি হাটে পুলিশের বিশেষ টিম সার্বক্ষনিকভাবে কাজ করছে এবং জাল টাকা সনাক্ত করাসহ ক্রেতাদের সার্বক্ষনিক সহযোগিতা করা হচ্ছে।


দেশের এই পাহাড়ি অঞ্চলে প্রচুর গরু পালন করা যায়। আর তা দিয়েই দেশে ঘাটতির অনেকাংশে পূরণ সম্ভব। কিন্তু এ খাতের উন্নয়নে কেউ এগিয়ে আসছে না। এ জন্য খামারীদের ঋণ দিতে এবং ভালো জাতের গরু সরবরাহ করতে সরকারী ভাবে উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল