
(৫ ঘন্টা আগে) ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ৪:০৯ অপরাহ্ন
আত্মসমর্পণ না করে সুন্দরবনে নতুন দস্যুদল গঠনের চেষ্টাকালে আত্মসমর্পণকৃত ‘ছোট সুমন বাহিনী’র দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকালে সুন্দরবনের সেলা নদী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে চলমান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত ১৭ মে অস্ত্রসহ আত্মসমর্পণ করা ‘ছোট সুমন বাহিনী’র প্রধান সুমনসহ ৭ সদস্যের বাইরে থাকা দুই সদস্য আত্মসমর্পণ না করে দলছুট হয়ে ‘চাচা-ভাইরপো’ নামে নতুন একটি দস্যুদল গঠন করেছে।
এ তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. নাজমুল শেখ ও হানিফ শেখ নামে দুই দস্যুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নতুন দস্যুদলের নাম সম্বলিত ৫০০টি কার্ড উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সুন্দরবনের সেলা নদীর বটতলার খাল এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি একনলা বন্দুক, ১টি পাইপগান, ১টি খেলনা পিস্তল ও ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে তাদের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।