
(১১ ঘন্টা আগে) ২৭ মে ২০২৬, বুধবার, ৩:১৬ অপরাহ্ন
ঈদুল আজহাকে ঘিরে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পাচ্ছে- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিনেমা প্রেমিদের মনে। বেশ কয়েকটি সিনেমা এই ঈদে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে এসে কিছু সিনেমা মুক্তি নিয়ে সংশয় রয়েছে। সিনেমা ব্যবসায়ী, পরিচালক ও প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে কথা বলে জানা যায় ঈদে পাঁচ সিনেমা মুক্তির ব্যাপারে আপাতত চূড়ান্ত হয়েছে। বাংলা আওয়ারের সিনেমাপ্রেমি পাঠকদের জন্য আজ ঈদুল আজহায় মুক্তির মিছিলে থাকা সিনেমাগুলো তুলে ধরা হলোঃ
রকস্টারঃ এই তালিকায় সবার উপরে নাম রয়েছে চিত্রনায়ক শাকিব খান অভিনীত রকস্টার। আজমান রুশো পরিচালিত এবং সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে সিনেমাটির টিজার ও কয়েকটি গান প্রকাশিত হয়েছে। এক রকস্টারের উত্থান-পতনের গল্প এখানে ফুটে উঠেছে। এই সিনেমায় শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।
মালিকঃ সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটি এবারের ঈদে মুক্তি পাচ্ছে। এই সিনেমার মাধ্যমে প্রায় সাত বছর পর জুটি বেঁধেছেন চিত্রনায়ক আরেফিন শুভ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ইতোমধ্যে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার এবং আইটেম সং দর্শকদের মাঝে বেশ সাড়া তুলেছে। সিনেমার ট্রেলারে ক্ষমতা ও আধিপত্যের লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। মায়ের সম্মান ও অধিকার রক্ষার লড়াই করতে গিয়ে অপরাধ জগতের ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় অ্যাকশনের পাশাপাশি রয়েছে দারুণ আবেগ ও সম্পর্কের টানাপোড়েন।
রইদঃ হাওয়া খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমাটি এবারের ঈদে মুক্তি পাচ্ছে। । নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ অভিনীত এই সিনেমাটি নিয়েও দর্শকদের মাঝে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রাম নিয়ে তৈরি হয়েছে এর গল্প। ট্রেলারের পাশাপাশি সিনেমাটির ‘রইদে আইলা গা জুড়াইতে’, ‘মন ছাড়া কি’ এবং ‘রহে না’ শিরোনামের তিনটি গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
মাসুদ রানাঃ বিখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা কাহিনী নির্ভর উপন্যাস মাসুদ রানা সিরিজের গল্প নিয়ে মুক্তি পাচ্ছে এবারের ঈদের সিনেমা 'মাসুদ রানা'।সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। সেবা প্রকাশনীর জনপ্রিয় বইয়ের আদলে প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার এবং ‘মাসুদ রানা গান রিলোড’ শিরোনামের একটি টিজার। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় এই সিনেমায় অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি।
বনলতা সেনঃ নানা জটিলতা ও কয়েক দফা মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে এবারের ঈদে মুক্তি পাচ্ছে ঈদের সিনেমা ‘বনলতা সেন’। সরকারি অনুদানপ্রাপ্ত মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা খায়রুল বাসার এবং বনলতা সেন হিসেবে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির অন্যান্য চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।
এছাড়া ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমাগুলো এবারের ঈদে মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কতগুলো সিনেমা প্রেক্ষাগৃহে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।