
(৭ ঘন্টা আগে) ২৯ মে ২০২৬, শুক্রবার, ৪:০০ অপরাহ্ন
সাংবাদিকতাকে অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "সঠিক সাংবাদিকতা করতে গিয়ে বিগত সরকারের আমলে বাংলাদেশে কমপক্ষে ৫০০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এমন কোনো জায়গা নেই যেখানে সাংবাদিকরা নির্যাতিত হন না।"
শুক্রবার (২৯ মে) দুপুর ১২টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব আয়োজিত জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিশ্বজুড়ে ও দেশে সাংবাদিকতার চ্যালেঞ্জ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "সাংবাদিকতা একটা অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা, এর চাইতে চ্যালেঞ্জিং পেশা আছে বলে আমার জানা নেই। তাই সাংবাদিকদের অনেক কঠিন কঠিন কাজ করতে হয়।" বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইতিমধ্যে অনেক সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আর বাংলাদেশে সত্য সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে তা যদি প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে যায়, তবেই সাংবাদিকদের ওপর নির্যাতন নেমে আসে।
মন্ত্রী আরো বলেন তাঁর বক্তব্যে তিনি বাংলাদেশ ও ভারতবর্ষের সাংবাদিকতার ইতিহাস টেনে বলেন, অতীতে অনেক সাংবাদিক ছিলেন যারা সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতে প্রবেশ করে বড় বড় দায়িত্ব পালন করেছেন। এ প্রসঙ্গে তিনি দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার গৌরবোজ্জ্বল উদাহরণ তুলে ধরেন।
সাংবাদিকদের নিজেদের ভেতরের বিভেদ ভুলে যাওয়ার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, "সাংবাদিকদের মধ্যে বিভক্তি তৈরি না করে, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"
মতবিনিময় সভায় মির্জা ফখরুল সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মির্জা ফয়সাল আমিন, সভাপতি, জেলা বিএনপি,সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।