
(২ ঘন্টা আগে) ৩০ মে ২০২৬, শনিবার, ২:০১ অপরাহ্ন
ঈদুল আজহার আনন্দ শুধু কোরবানিতে নয়, ভাগাভাগি আর মানবিকতার মধ্যেও ছড়িয়ে পড়ে—এমনই এক অনন্য সামাজিক বন্ধনের হৃদয়ছোঁয়া দৃশ্য দেখা গেছে কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া মহল্লায়। প্রায় আড়াই শত বছরের পুরোনো এই রেওয়াজ আজও বহমান। প্রজন্ম বদলেছে, সময় বদলেছে, কিন্তু বদলায়নি মানুষের প্রতি মানুষের ভালোবাসা আর সামাজিক সম্প্রীতির এই অনন্য ঐতিহ্য।এখানে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজের মানুষ একসঙ্গে কোরবানি দেন, আর সেই কোরবানির গোশত পৌঁছে যায় সমাজের প্রতিটি ঘরে।
ঈদের নামাজ শেষে শুরু হয় এক ব্যতিক্রমী আয়োজন। সমাজের প্রত্যেক কোরবানিদাতা তাদের কোরবানির গোশতের একটি অংশ আলাদা করে দেন অসচ্ছল ও নিম্নবিত্ত মানুষের জন্য। পরে স্বেচ্ছাসেবকেরা সেগুলো সংগ্রহ করে খোলা মাঠে জড়ো করেন। একের পর এক বাড়ি থেকে আসতে থাকে কোরবানির গোশত। ওজন করে সমানভাবে ভাগ করা হয় সেগুলো। ধীরে ধীরে বিশাল স্তুপে পরিণত হওয়া সেই গোশত তালিকা অনুযায়ী পৌঁছে দেওয়া হয় প্রতিটি পরিবারের হাতে। কেউ উপস্থিত না থাকলেও তার বাড়িতে পৌঁছে যায় প্রাপ্য অংশ। এবছর ৫৭০টি পরিবারের ঘরে পৌঁছেছে কোরবানির গোশত।
সমাজে বৈষম্য কমিয়ে ঐক্যের বন্ধন দৃঢ় করতেই একসময় এই প্রথার সূচনা হয়েছিল। সেই ধারা এখনো বয়ে চলেছে পূর্বপুরুষদের স্মৃতি আর মানবিক মূল্যবোধকে ধারণ করে। এখানে কোরবানি দিয়েছেন কি দেননি—সেটি বড় কথা নয়; সমাজের প্রতিটি ঘরেই পৌঁছে যায় কোরবানির মাংস। যেন ঈদের আনন্দে কেউ বঞ্চিত না থাকে।
আধুনিক সময়ে পঞ্চায়েত সমাজব্যবস্থা অনেকটাই হারিয়ে গেলেও গ্রামবাংলার কিছু এলাকায় এখনো টিকে আছে এর মানবিক রূপ। পঞ্চায়েত শুধু একটি সামাজিক কাঠামো নয়, এটি পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। কোরবানির ঈদে সেই প্রাচীন ঐতিহ্যেরই জীবন্ত উদাহরণ হয়ে ওঠে কটিয়াদীর এই পঞ্চায়েত ব্যবস্থা।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, পূর্বপাড়া মহল্লার এই পঞ্চায়েত প্রথা অনেক পুরনো৷ সমাজে বৈষম্য দুর করে ঐক্য সৃষ্টি ও ধনী-গরিব বৈষম্য কমিয়ে আনতে এটির প্রচলন শুরু হয়েছিলো৷ যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে। পাঁচশো বাড়ির তালিকা তৈরি করে বণ্টন হয়৷
এলাকার নুরুল্লাহ বলেন, আমি ছোট থেকে এই বণ্টন দেখে আসছি৷ আমাদের বাপ দাদারাও এভাবেই পঞ্চায়েতের মাধ্যমে বণ্টন করেন। বৃটিশ আমলের পর থেকে এটি চলে আসছে।’
বণ্টনের দায়িত্ব পালন করা এলাকার শরিফ, মিজান ও আব্দুল্লাহ বলেন, ৫৭০ জন মানুষের তালিকা করে বণ্টন করা হয়েছে। কেউ না আসলেও বাড়ি পৌঁছে দিয়েছি৷ সমাজিক ঐক্য ও ধনী-গরিব বৈষম্য দুর করাই আমাদের লক্ষ্য। এটি চলতেই থাকবে৷ ‘
স্থানীয়রা আরো জানান, বর্তমানে এই পঞ্চায়েতের সদস্য বা ‘ঘর’ সংখ্যা হল প্রায় ৫৭০।প্রতি কোরবানির ঈদে এদের মধ্যে গড়ে ৪০/৪৬ টি পরিবার কোরবানি দিয়ে থাকে। আর বাকি বড় অংশ কোনো না কোনো কারণে কোরবানি দিতে পারে না। ঈদের আনন্দে যেন ভাটা না পড়ে তাই তাদেরকেও পঞ্চায়েতের মাধ্যমে সমবণ্টন করে কোরবানির মাংস দেয়া হয়ে থাকে।
ঈদের দিন সকালে তারা তাদের জবাইকৃত পশুর এক-তৃতীয়াংশ পঞ্চায়েতের মাঠে দিয়ে যাবেন। আর বাকি অর্ধেক রাখবেন তাদের নিজেদের জন্য। এছাড়া সে জবাইকৃত পশুর চামড়াও পঞ্চায়েতে জমা দেবেন। মাংস জমা হওয়ার পর নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে তা কেটে ভাগ করা হয়।
এ পঞ্চায়েতের বা সমাজের যিনি কোরবানি দিয়েছেন তিনিও মাংস পান এবং যিনি কোরবানি দেননি তিনিও মাংস পান। অর্থাৎ এ পঞ্চায়েতের সব ঘরেই কোরবানির মাংস পৌঁছায়।