
(১ সপ্তাহ আগে) ৩০ মে ২০২৬, শনিবার, ৮:১৭ অপরাহ্ন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে শনিবার সকালে নগর ভবনের নিচতলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের জনমানুষের কাছে আস্থা ও দেশপ্রেমের প্রতীক। তাঁর রাজনৈতিক দর্শন, সততা, নিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তিনি বলেন, জিয়াউর রহমান মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করেছিলেন এবং দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি সকলকে তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান এবং বিশেষ আলোচক ছিলেন অধ্যাপক আব্দুল মান্নান।
বক্তারা বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, অর্থনৈতিক সংস্কার, কৃষি উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক প্রতিষ্ঠার উদ্যোগসহ নানা পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া গ্রামীণ উন্নয়ন, শিল্পায়ন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে তাঁর অবদান দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কেসিসির সচিব মো. রেজা রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা এবং এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি আব্দুল হক।
অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ এবং দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাশেমী।
এসময় কেসিসির সাবেক কাউন্সিলর, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।