
(৫ ঘন্টা আগে) ৩১ মে ২০২৬, রবিবার, ১০:৪৪ পূর্বাহ্ন
দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী হিসেবে পরিচিত অপরুপা বান্দরবান। প্রতিবছর ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় দেখা গেলেও এবার ঈদুল আযহার ছুটিকে কেন্দ্র করে প্রত্যাশিত পর্যটকদের সমাগম ঘটেনি।
বান্দরবান জেলা সদরের, নীলাচল, মেঘলা, চিম্বুক, নীলগিরি, দেবতাকুম, বগালেক, শৈলপ্রপাত ও থানচি ঘুরে দেখা যায়, পর্যটকের উপস্থিতি ছিল তুলনামূলক কম। অন্যান্য বছরের এই মৌসুমে যেখানে পর্যটকদের ভিড়ে মুখর থাকত এসব এলাকা, সেখানে এবার তেমন ভিড় চোখে পড়েনি।
হোটেল মালিকরা জানান, গত বছরের এই দিনে ঈদের ছুটিতে রুম পাওয়া ছিল দুষ্কর। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। পর্যটকের সংখ্যা কম থাকায় আবাসন খাতের পাশাপাশি পরিবহন, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও প্রভাবিত হচ্ছেন।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে পর্যটকদের আগমনের আশায় হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। জেলা সদরের দুই-একটি হোটেলে পর্যাপ্ত বুকিং থাকলেও অধিকাংশ হোটেল ৪০-৫০ শতাংশ বুকিং পেয়েছে। প্রত্যাশা অনুযায়ী বুকিং না হওয়ায় অনেক রুম এখনও খালি রয়েছে।
বান্দরবান ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক (ওসি) মো.মাহাবুবুর রহমান বলেন, আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশও কাজ করছে।দুইটি ভ্রাম্যমান টিমের পাশাপাশি সাদা পোষাকেও পুলিশ কাজ করছে।তবে এখনো পর্যন্ত কোন প্রাকার অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।