
(১৯ ঘন্টা আগে) ১ জুন ২০২৬, সোমবার, ৫:৩৩ পূর্বাহ্ন
বাংলাদেশি অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য সুখবর দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এখন থেকে সব ধরনের অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।
রোববার (৩১ মে) এক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।
দূতাবাসের ঘোষণা অনুযায়ী, সোমবার (১ জুন) থেকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবে এবং আবেদন প্রক্রিয়া দুই কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করবে।
মার্কিন দূতাবাস জানায়, আবেদনকারীদের তাদের ভিসার ধরন ও প্রয়োজনীয় শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে ‘ডাইরেক্টরি অব ভিসা ক্যাটাগরিস’ (Directory of Visa Categories)-এর ‘ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিস’ (Immigrant Visa Categories) অংশ পর্যালোচনা করার অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, পরিবার পুনর্মিলন কিংবা অন্যান্য অভিবাসন-সংক্রান্ত উদ্দেশ্যে আবেদনকারী বাংলাদেশিদের দীর্ঘ অপেক্ষা কমবে এবং ভিসা সেবা আরও গতিশীল হবে।
তবে দূতাবাস আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে প্রস্তুত রাখা এবং নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে, যাতে আবেদন প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হয়।
মার্কিন দূতাবাসের এ ঘোষণা অভিবাসী ভিসা প্রত্যাশীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও স্বস্তির সৃষ্টি করেছে।