banglahour

প্রজনন মৌসুমে ৩ মাস বন্ধ সুন্দরবনের দুয়ার: দুশ্চিন্তায় হাজারো বনজীবী

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৫ মাস আগে) ১ জুন ২০২৬, সোমবার, ১২:০৬ অপরাহ্ন

 

​সুন্দরবনের মৎস্য ও জলজ প্রাণীর নিরাপদ প্রজনন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণীর সুরক্ষায় আজ ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত দীর্ঘ তিন মাস বন্ধ থাকছে সুন্দরবনের দুয়ার। এই সময়ে বনে মাছ ও কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বনবিভাগ।

​প্রকৃতির আপন খেয়ালে সুন্দরবনকে সেজে ওঠার সুযোগ দিতেই এই উদ্যোগ নেওয়া হলেও, সুন্দরবননির্ভর হাজারো জেলে, মৌয়াল ও বাওয়ালির জীবনে তা ডেকে এনেছে চরম অনিশ্চয়তা।

​বনবিভাগ সূত্রে জানা গেছে, জুন থেকে আগস্ট—এই তিন মাস সুন্দরবনের অধিকাংশ মাছ ডিম ছাড়ে। একই সাথে বনের বন্যপ্রাণীর প্রজনন ও উদ্ভিদরাজির স্বাভাবিক পুনর্জন্মের জন্যও এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

​পূর্বে সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছরের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই মাস সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকত। পরবর্তীতে ২০২২ সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই নিষেধাজ্ঞা আরও এক মাস বৃদ্ধি করে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। সেই থেকে প্রতি বছর তিন মাস বনের সব নদী ও খালে সব ধরনের প্রবেশাধিকার বন্ধ রাখা হচ্ছে।

​বনের জীববৈচিত্র্য রক্ষার এই উদ্যোগ পরিবেশের জন্য আশীর্বাদ হলেও, তিন মাস আয়-রোজগার সম্পূর্ণ বন্ধ থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাগেরহাটসহ সুন্দরবন উপকূলের খেটে খাওয়া মানুষগুলোর। নিষেধাজ্ঞা চলাকালীন বিকল্প কর্মসংস্থান বা পর্যাপ্ত সরকারি সহায়তা না পাওয়ায় প্রতিবছরই ঋণের জালে জড়াতে হচ্ছে তাদের।

​জেলে আব্দুল কাদের(৫৬) জানান,"তিন মাস বনে যাওয়া বন্ধ থাকলে আমাদের সংসারে অভাব লেগে থাকে। এই সময় আমাদের বেকার বসে থাকতে হয়। আমাদের তো অন্য কোনো কাজ জানা নেই। সংসার চলবে কীভাবে?"

মৌয়াল   সাত্তার শেখ (৪৫)"বনের ওপর নির্ভর করেই আমাদের পেট চলে। তিন মাস কোনো আয় থাকবে না। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য আমাদের জরুরি খাদ্য সহায়তা দেওয়া দরকার।"

কাঁকড়া শিকারি মানিক সরদার (৩৩) জানান,  "ঋণ করে নৌকা-জাল মেরামত করেছি। এখন তিন মাস বন্ধ। সময়মতো সরকারি সাহায্য না পেলে এবার চড়া সুদে দাদন নেওয়া ছাড়া উপায় থাকবে না।"

অন্যান্য জেলেরা জানান, "নিষেধাজ্ঞা মানতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের পেটের ভাত তো জোগাতে হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান,নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করতে বনবিভাগ ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ২৪ মে থেকেই বনজীবীদের জন্য নতুন পাস (পারমিট) দেওয়া বন্ধ রাখা হয়েছে।​

সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ করিব জানান,​সুন্দরবনের মৎস্য ও জলজ প্রাণীর নিরাপদ প্রজনন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণীর সুরক্ষায় আজ ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত দীর্ঘ তিন মাস বন্ধ থাকছে সুন্দরবনের । এই সময়ে বনে মাছ ও কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বনবিভাগ। তবে করমজলে পর্যটকরা আসতে পারবেন।

মোংলা  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানায়, ক্ষতিগ্রস্ত প্রকৃত জেলে পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য সহায়তা ও বিশেষ প্রণোদনা চেয়ে ইতিমধ্যে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই তা দ্রুত জেলেদের মাঝে বিতরণ করা হবে।

​প্রকৃতি তার আপন মহিমায় প্রাণ ফিরে পাক, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ সমৃদ্ধ হোক—এটি যেমন পরিবেশের জন্য জরুরি, তেমনি সুন্দরবনের ওপর পরম নির্ভরতায় বেঁচে থাকা এই প্রান্তিক মানুষগুলোর জীবনও সচল থাকা সমান গুরুত্বপূর্ণ। পরিবেশ সুরক্ষা আর মানবিক সংকটের মাঝে সঠিক সমন্বয়ের মাধ্যমেই সুন্দরবন ও বনজীবী উভয়কেই বাঁচিয়ে রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল