banglahour

পার্বত্য মন্ত্রীর পদত্যাগকে ঘিরে রাঙ্গামাটিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, সড়ক অবরোধে যানজট

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১ জুন ২০২৬, সোমবার, ৯:২৪ অপরাহ্ন


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি বিক্ষুব্ধ নেতাকর্মীদের একাংশ।


সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে জেলা শহরের কাঠালতলীস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
সমাবেশে বিক্ষুব্ধরা দাবি করেন, দীপেন দেওয়ান নিজ থেকে পদত্যাগ করেনি, একটি মহল তাকে পদত্যাগ করতে ‎বাধ্য করেছেন। যারা মন্ত্রীর পদত্যাগে ইন্ধন দিয়েছে তারা আজকের বিক্ষোভ মিছিল বা সড়ক অবরোধে অংশ নেননি। এতে ষড়যন্ত্রকারীদের অবস্থান পরিষ্কার হয়েছে।


বিক্ষুব্ধরা আরো বলেন, মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ শুধুমাত্র পদত্যাগ নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ। তারা পার্বত্য চট্টগ্রামের স্বার্থ ও উন্নয়নের জন্য পার্বত্য মন্ত্রীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এই ধরনের ‘ষড়যন্ত্র’ রুখে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পার্বত্য অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।


নেতাকর্মীরা আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের দাবি পাহাড়ের একমাত্র অবিসংবাদিত নেতা দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী হিসেবেই বহাল রাখতে জোর দাবি জানাই। যতক্ষণ পর্যন্ত পুর্নবহালের ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।


বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা রাঙ্গামাটি-চট্টগ্রাম মূল সড়ক অবরোধ করে রাখেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।


পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।


উল্লেখ্য, ৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। প্রথমবার সংসদ সদস্য হয়েই পার্বত্য মন্ত্রী হন দীপেন দেওয়ান।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল