
(৮ ঘন্টা আগে) ২ জুন ২০২৬, মঙ্গলবার, ৫:৪০ পূর্বাহ্ন
ফরিদপুর ডিবেট ফোরাম (FDF) আয়োজিত “FDF Intra Debate Tournament 2026” (আন্ত: বিতর্ক টুর্নামেন্ট) সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ এই বিতর্ক প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশগ্রহণ করে এবং যুক্তি, বুদ্ধিবৃত্তিক দক্ষতা ও বাগ্মিতার এক চমৎকার প্রদর্শনী উপস্থাপন করে। ট্যাবুলেশন পদ্ধতিতে ৩ রাউন্ড এবং সর্বমোট ৫ রাউন্ড বিতর্ক হয়।
রোববার দিনব্যাপী প্রতিযোগিতাটি আয়োজিত হয় ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থায়।
রোমাঞ্চকর ফাইনাল বিতর্ক শেষে ৬-৫ ব্যালটে Team Attention Seekers চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে FDF Titans রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রে ফাইনাল বিতর্কের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন জেরিন, আর পুরো টুর্নামেন্টে ধারাবাহিক অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ফাহমিদা।
ফাইনাল বিতর্কের বিচারকার্য পরিচালনা করেন ফরিদপুর ডিবেট ফোরামের উপদেষ্টা এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সাজিদ খান। সাথে প্যানেলিস্ট হিসেবে ছিলেন ফরিদপুর ডিবেট ফোরামের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগীব আঞ্জুম, বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহ সভাপতি উপমা দত্ত, ইডেন মহিলা কলেজ ডিবেট ক্লাবের প্রচার সম্পাদক প্রভাতি নূর সহ মোট ১১ জন।
টুর্নামেন্টের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারী বিতার্কিকরা সমসাময়িক ও গুরুত্বপূর্ণ নানা বিষয়ে নিজেদের যুক্তি, বিশ্লেষণী ক্ষমতা এবং উপস্থাপনাশৈলীর পরিচয় দেন। প্রতিটি বিতর্ক ছিল প্রাণবন্ত, প্রতিযোগিতাপূর্ণ এবং জ্ঞানসমৃদ্ধ।
আয়োজকদের অন্যতম বিতার্কিক সালাহউদ্দিন খান জানান টুর্নামেন্টের লক্ষ্য ছিল সদস্যদের মধ্যে বিতর্কচর্চা, সমালোচনামূলক চিন্তাশক্তি, গবেষণাভিত্তিক যুক্তি উপস্থাপন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহ প্রদান করা। অংশগ্রহণকারী, বিচারক, স্বেচ্ছাসেবক এবং আয়োজক কমিটির সম্মিলিত প্রচেষ্টায় পুরো আয়োজন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
ফরিদপুর ডিবেট ফোরাম ভবিষ্যতেও তরুণদের যুক্তিবাদী, সচেতন ও দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে এমন বুদ্ধিবৃত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।