banglahour

তোফায়েল আহমেদের বর্নাঢ্য জীবন

সারাদেশ | ডেস্ক রিপোর্ট। জিয়াউল হক শোভন।

(৫ মাস আগে) ৩ জুন ২০২৬, বুধবার, ৫:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন তোফায়েল আহমেদ।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের বাকেরগঞ্জ জেলার কোড়ালিয়া গ্রামে (বর্তমান বাংলাদেশের ভোলা জেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে) জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আজহার আলী ও মায়ের নাম ফাতেমা বেগম। তোফায়েল আহমেদ ১৯৬৪ সালে দনিয়াস্থ মফিজুল হক তালুকদারের জ্যেষ্ঠ কন্যা আনোয়ারা বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সংসারজীবনে এক কন্যাসন্তানের জনক তিনি। কন্যা তাসলিমা আহমেদ জামান মুন্নী একজন চিকিৎসক।

তোফায়েল আহমেদ ১৯৬০ সালে ভোলা সরকারি হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। বরিশাল ব্রজমোহন কলেজ থেকে ১৯৬২ সালে উচ্চ মাধ্যমিক ও ১৯৬৪ সালে বিএসসি পাস করেন তিনি। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএসসি পাস করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ডাকসুর ভিপি, মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর প্রধান এবং জাতীয় সংসদে ৯ বার প্রতিনিধিত্বসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

১৯৬০ এর দশকে ছাত্রনেতা হিসেবে তোফায়েল আহমেদের আত্মপ্রকাশ ঘটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন।

১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে তিনি 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের' আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন। যা তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের পতন ত্বরান্বিত করে।

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে তিনি শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে "বঙ্গবন্ধু" উপাধিতে ভূষিত করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি 'মুজিব বাহিনী'র প্রধানদের মধ্যে অন্যতম ছিলেন। স্বাধীনতার পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি দীর্ঘ প্রায় ৫ বছর বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালে তিনি তাঁর সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি 'তোফায়েল আহমেদ ফাউন্ডেশন'-এ দান করার ঘোষণা দেন। যা দরিদ্রদের স্বাস্থ্যসেবা, বৃদ্ধাশ্রম এবং উপবৃত্তির জন্য কাজ করে।

দীর্ঘ ও বর্ণাঢ্য জীবনের অধিকারী এই রাজনীতিবিদ ১ জুন ২০২৬ সালে বার্ধক্যজনিত  বিভিন্ন অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল