
(৫ মাস আগে) ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১:১১ অপরাহ্ন
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লায় এক মিসরীয় পুত্রবধূকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিদেশি এই পুত্রবধূকে এক নজর দেখতে প্রতিদিনই স্থানীয়দের ভিড় জমছে তার শ্বশুরবাড়িতে।
পারিবারিক সূত্রে জানা যায়, কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লার আব্দুল জব্বারের ছেলে মো. জাহের (জহির) ২০১০ সালে ট্যুরিস্ট ভিসায় মিসরে যান। সেখানে একটি প্রতিষ্ঠানে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করে বর্তমানে তিনি মিসরের আশুরা রমাদান শহরে স্থায়ীভাবে বসবাস করছেন। পাশাপাশি বিভিন্ন ফ্যাক্টরিতে শ্রমিক সরবরাহের ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন।
২০২৩ সালের প্রথম দিকে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মিসরের নাগরিক ফাতমা আহম্মেদ শওকত মাহমুদ আলী (হাবিবা)-এর সঙ্গে জহিরের পরিচয় হয়। পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের মে মাসে তাদের ঘরে জন্ম নেয় এক পুত্রসন্তান, যার নাম রাখা হয় ইয়াসিন জাহের আব্দুল জব্বার।
সম্প্রতি গত ৩০ মে শুক্রবার বিকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে প্রথমবারের মতো নিজ জন্মভিটা কটিয়াদীতে ফেরেন জহির। এরপর থেকেই বিদেশি পুত্রবধূকে দেখতে এলাকাবাসীর আগ্রহ বাড়তে থাকে।
বাংলাদেশে আসার অভিজ্ঞতা সম্পর্কে হাবিবা বলেন, “বাংলাদেশে আসার আগে অচেনা পরিবেশ নিয়ে কিছুটা শঙ্কা ও ভয় ছিল। কিন্তু এখানে এসে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছেন। শ্বশুর-শাশুড়িকে আমি নিজের বাবা-মায়ের মতোই মনে করি। বাংলাদেশে এসে আমি শুধু একজন স্বামীই পাইনি, পেয়েছি ভালোবাসায় জড়ানো একটি সুন্দর পরিবার।”
জহিরের মা হেলেনা আক্তার ও বাবা আব্দুল জব্বার জানান, তারা বিদেশি পুত্রবধূকে নিজেদের মেয়ের মতোই সাদরে গ্রহণ করেছেন। ভাষাগত কিছু সীমাবদ্ধতা থাকলেও ভালোবাসা ও আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। তারা বলেন, “আমাদের বিদেশি বউকে দেখতে প্রতিদিন এলাকার শত শত মানুষ বাড়িতে আসছেন।”
স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল ও আগ্রহ দেখা গেছে। অনেকেই এই দম্পতির সম্পর্ককে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও পারিবারিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন।
সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বাংলাদেশে এসে নতুন পরিবারে ভালোবাসা ও আপনজনের সান্নিধ্য পাওয়ার এই গল্প এখন কটিয়াদীর মানুষের মুখে মুখে।