banglahour

যুবসমাজ খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক, মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৫ মাস আগে) ৬ জুন ২০২৬, শনিবার, ১:০৬ অপরাহ্ন


ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের খেলা-পরবর্তী জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ইন্সট্রাক্টর হিসেবে চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইন্সটিটিউশন মিনি স্টেডিয়াম মাঠে অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্র আয়োজিত ফ্রি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়াকে পাঠ্যপুস্তকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতোমধ্যে দেশের প্রতিটি জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম চালু করা হয়েছে এবং ট্যালেন্ট হান্টের মাধ্যমে ফুটবল, ক্রিকেট ও হকিসহ বিভিন্ন খেলায় দক্ষ খেলোয়াড় তৈরি করা হচ্ছে।


তিনি বলেন, আমরা চাই যুবসমাজ খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক। আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না। তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

আচমিতা জর্জ ইনস্টিটিউশন পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. আশফাক আহমেদ জুনের প্রধান পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলিপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ ও আচমিতা জর্জ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ।

পরে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে গোল্ডকাপ ও এক লাখ টাকার প্রাইজমানি তুলে দেন।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল