
(১ দিন আগে) ৭ জুন ২০২৬, রবিবার, ১২:২৯ অপরাহ্ন
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ রবিবার (৭ জুন) বেলা ১১টা ৩৭ মিনিটে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় পাঠ করেন।
গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
মামলাটি তদন্ত করে ঘটনার ৫ দিনের মাথায় গত ২৪ মে আদালতে চার্জশিট দাখিল করে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া। ওইদিনই শিশু ট্রাইব্যুনালে মামলাটি বিচারের জন্য নথি করা হয়।
তবে সেদিন থেকে ঈদুল আযহার ছুটি শুরু হওয়ায় গত ১ জুন মামলাটির চার্জগঠনের জন্য দিন ধার্য করা হয়। ঈদের ছুটির পর ১ জুন মামলার চার্জগঠন করে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়।
পরদিন ২ জুন রামিসার বাবা, মা, বোন, স্বজনসহ ১৬ জনের সাক্ষ্য গ্রহন শেষ হয়। এরপর ৩ জুন মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন ও ৪ জুন মামলার যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক ৭জুন রায় ঘোষণার তারিখ ধার্য করেন।
এর আগে আজ সকাল ৮টা ২৫ মিনিটের দিকে কাশিমপুর কারাগার থেকে স্বপ্না আক্তারকে এবং প্রায় পৌনে ৯টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সোহেল রানাকে আদালতে হাজির করা হয়।