banglahour

ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, হস্তান্তর করা হলো ৪টি ফিশিং বোট

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৫ মাস আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ৫:৪১ অপরাহ্ন

ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি জেলে ও ৪টি ফিশিং বোট দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৮ জুন) দুপুরে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে জেলে ও বোটগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ৪টি মাছ ধরার ট্রলারসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। পরে দুই দেশের সরকারের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তাদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


সেই সিদ্ধান্তের আলোকে রোববার আন্তর্জাতিক সমুদ্রসীমানায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে জেলে ও বোটগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। পরদিন সোমবার মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে জেলেদের পরিবারের সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


কোস্ট গার্ড পশ্চিম জোনের মুখপাত্র কমান্ডার শাহ্ কামরুজ্জামান বলেন, “দুই দেশের কোস্ট গার্ডের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সমন্বয়ের ফলেই জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত থাকবে।”


ফিরে আসা জেলেরা দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে যেতে পেরে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল