
(৪ ঘন্টা আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ৯:১১ অপরাহ্ন
জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়
স্কুল পর্যায়ের খেলোয়াড়রাই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ
আব্দুল কাইয়ুম চৌধুরী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেইম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট (সিলেট জেলা)’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সিলেট জেলার বিভিন্ন স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২-এ অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে ৩৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে তারা শিরোপা নিজেদের করে নেয়।
ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “স্কুল পর্যায়ের খেলোয়াড়রাই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ। স্কুল ক্রিকেটই জাতীয় ক্রিকেটের ভিত্তি। তৃণমূল পর্যায় থেকে মেধাবী ও দক্ষ খেলোয়াড় তৈরি করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে জাতীয় দলের জন্য আরও মানসম্পন্ন ক্রিকেটার গড়ে তুলতে স্কুল ক্রিকেটের পরিধি ও সুযোগ-সুবিধা বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বৃদ্ধি করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দলগত চেতনা এবং দেশপ্রেমের মূল্যবোধও গড়ে তোলে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিলেট রিজিওনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হুমায়ুন কবির, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসেইন আরমান এবং ইমতিয়াজ হোসেন তান্না।
স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো. নূর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, বিসিবির সিলেট জেলা কোচ মো. রানা মিয়া, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আবু জাহেদ রাহী, প্রাইম ব্যাংক পিএলসির নয়াসড়ক শাখার ব্যবস্থাপক ধ্রুব জ্যোতি চৌধুরী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুক আহমদ, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, সাবেক ক্রিকেটার রিংকু সরকার, পলাশ কর, নাসির উদ্দিন, ইমরান আলী এনাম, সাদীসহ ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মো. নূর হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসেইন আরমান এবং সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অফিসের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিসিবি’র ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, অফিস সহকারী মনোজ কান্তি দেব, ডেপুটি কিউরেটর কবির হোসেন ফকির, মাঠকর্মীবৃন্দ ও সিলেট জেলা ক্রিকেটার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ।