
(২ দিন আগে) ৯ জুন ২০২৬, মঙ্গলবার, ৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩০ অপরাহ্ন
জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলও)-এ এশিয়া-প্যাসিফিক গ্রুপের মন্ত্রী পর্যায়ের বৈঠকে মূল সমন্বয়কের দায়িত্ব পালন করেছে বাংলাদেশ।
বৈঠকে সভাপতির বক্তব্য প্রদান করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা বিষয়ক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদ সোবহান।
সভায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের মন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা অংশ নেন। বৈঠকে আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করা, শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বয় ভূমিকা আন্তর্জাতিক শ্রম অঙ্গনে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।