
(৩ মাস আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৪ অপরাহ্ন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের ঘটনায় এক বৃদ্ধের ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে অবস্থানের পর তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বুধবার সারাদিন বিএসএফ এবং বিজিবি ওই বৃদ্ধকে দুইদিকে ঠেলাঠেলি করে, এতে নো ম্যান্স ল্যান্ডে বসে থাকে ওই বৃদ্ধ।
এ নিয়ে সারাদিন বাংলাদেশের সব গণমাধ্যম সংবাদ প্রকাশ করে।
তুমুল আলোচনায় আসা বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মন(৫৮) বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। গত প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিচয় যাচাই-বাছাই করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।
এর আগে কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় সীমান্তজুড়ে ব্যাপক ভীতিকর পরিবেশ জন্ম নেয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন ওই বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছেন জানিয়ে বলেন, বৃদ্ধকে থানায় পাঠিয়েছে বিজিবি। তার স্বজনরা রাজশাহী থেকে ইতিমধ্যে রওনা দিয়েছেন। তার স্বজনরা আসলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্হা নেয়া হবে।